রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৬ বছর বয়সী গোলাম মহিউদ্দিন এই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালানো হয়। ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। ১৩ জন এজাহারভুক্ত আসামির এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।



