ইয়েমেন সরকারকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা সৌদি আরবের

, বিশ্ব

ইয়েমেন সরকারকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা সৌদি আরবের

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জন্য নতুন করে ৬০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা ঘোষণা করেছে সৌদি আরব। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২২ কোটি ৪০ লাখ রিয়ালের বেশি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইয়েমেন সরকারের অনুরোধ এবং সৌদি নেতৃত্বের নির্দেশনার অংশ হিসেবে ‘সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন’ (এসডিআরপিওয়াই)-এর মাধ্যমে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নতুন করে ৬০ মিলিয়ন ডলার বা ২২ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের বেশি, অর্থাৎ প্রায় ৬ কোটি ডলারের বাজেট সহায়তা দিচ্ছে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রদূতের ভাষ্যমতে, এই আর্থিক সহায়তার মূল লক্ষ্য হলো ইয়েমেন সরকারের নিয়মিত আর্থিক প্রবাহ সচল রাখা, রাজস্ব নীতি জোরদার করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখা। হুতি গোষ্ঠীর ধারাবাহিক আক্রমণে ইয়েমেনের সরকারি সম্পদ, অবকাঠামো এবং সাধারণ মানুষের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটেই রিয়াদ সরকারকে এই জরুরি বাজেট সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকট ও সংঘাতের মুখে পড়া ইয়েমেনের জন্য এর আগেও বিভিন্ন সময় বড় অঙ্কের সহায়তা দিয়েছে সৌদি আরব। চলতি বছরের শুরুতেও জ্বালানি ও সরকারি সক্ষমতা বাড়াতে দেশটির জন্য পৃথক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল রিয়াদ। নতুন এই বাজেট সহায়তা ইয়েমেনের সরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও অর্থনীতিকে সচল রাখার একটি কৌশলগত অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসডিআরপিওয়াই-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়েমেনের শিক্ষা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও মৎস্যসহ আটটি গুরুত্বপূর্ণ খাতে প্রায় ২৬৮টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব উন্নয়নমূলক উদ্যোগের মোট বিনিয়োগের পরিমাণ ১.১৪ বিলিয়ন ডলারেরও বেশি। যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে এই ধরনের সহায়তামূলক কার্যক্রম ইয়েমেনের জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।