এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারার পর ব্রোঞ্জ জয়ের লড়াইয়েও হতাশ করল বাংলাদেশ। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৬৩ রানে হেরে কোনো পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। জাপানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোচ হিসেবে আমরা ব্যর্থ। জাতির সামনে যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে না পারায় আমরা খুবই লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। সালাউদ্দিন বলেন, ‘আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছেও হার বাংলাদেশের।
ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুর ১০ ওভারে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। তখন শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান তুলতে পেরেছিল। তবে ম্যাচের শেষ ১০ ওভারে বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে শ্রীলঙ্কা ১৬৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। কোচ সালাউদ্দিনের ভাষ্যমতে, উইকেটের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলাররা। বিশেষ করে শেষ দিকে তারা প্রচুর রান খরচ করে ফেলেছেন, যা ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের শীর্ষ তিন ব্যাটার তানজিদ হাসান, সাইফ হাসান এবং লিটন দাস কেউই রানের খাতা খোলার সুযোগ পাননি। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট পতনের ফলে জয়ের পথ থেকে বাংলাদেশ ছিটকে যায় শুরুতেই। শেষদিকে নবম নাম্বারে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদের ২৬ রানের ওপর ভর করে কোনোমতে শতরান পার করতে পারলেও শেষ পর্যন্ত ১০২ রানেই গুটিয়ে যায় ইনিংসটি।
দলের এমন ভরাডুবির পরও খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ক্রিকেটাররা দেশের জন্য লড়াই করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। পুরো দল হিসেবে ভালো পারফর্ম করতে না পারার বিষয়টি আমাদের জন্য লজ্জিত হওয়ার মতোই। এই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন বলেও মন্তব্য করেন অধিনায়ক।



