১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তাঞ্জানিয়ার পথে যাত্রা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তার সঙ্গে বিএনপি ও জামায়াত সমর্থিত ৯ জন সংসদ সদস্য রয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
তাঞ্জানিয়ায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে। বিভিন্ন সেশনে অংশগ্রহণের পর আগামী ১১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।



