ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে কাতার যখন দোহায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের প্রচেষ্টায় ছিল, তখনই ইসরাইল তাদের ওপর হামলা চালায়।
শেখ মোহাম্মদ দোহায় সংঘটিত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে এক বিপজ্জনক নজির স্থাপন করছে। ইতিহাসে কোনো যুদ্ধেই মধ্যস্থতাকারীর ওপর সরাসরি হামলার এমন নজির নেই। তার মতে, কূটনৈতিক মধ্যস্থতার দায়িত্ব পালনরত একটি দেশের ওপর এই ধরনের আক্রমণ কেবল বর্তমান শান্তি প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করে না, বরং ভবিষ্যতে যেকোনো সংঘাত নিরসনের বৈশ্বিক উদ্যোগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।



