পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের পিতালোসা আরিবা নামক প্রত্যন্ত জনপদ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। প্রথম কম্পনের পর দেশটিতে ৬.৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী পানামা সিটিতে এই কম্পন ছিল অত্যন্ত তীব্র, যার ফলে উঁচু ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই প্রাকৃতিক দুর্যোগকে একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। ভূমিকম্পের প্রভাবে পানামাসহ কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলে বিপজ্জনক সুনামি হতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা। অবশ্য শুক্রবার বিকালের মধ্যেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এদিকে, রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে বিকালের দিকে বিমানবন্দরটি পুনরায় চালু হয়।



