আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

, বাংলাদেশ

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার জেরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলটির গঠিত তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে উত্থাপিত চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জানা গেছে, আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর আলাপচারিতায় লিপ্ত হতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে গত রোববার কেন্দ্রীয় কমিটির নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা আব্বাস উদ্দিন। তিনি দাবি করেন, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী। ভিডিওটি বেশ কয়েক মাস আগের। তিনি জানান, ভিডিওটি সংরক্ষিত থাকা মুঠোফোনটি সম্প্রতি চুরি হয়েছে এবং একটি মহল রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।