পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে মর্মান্তিক এক দুর্ঘটনায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় ঘটনাস্থলেই ২৮ শিশু ও একজন নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনেরও বেশি মানুষ। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে উদ্ধার অভিযানে ২৮ শিশুর মরদেহ হাসপাতালে পৌঁছায়। এছাড়া আহত অবস্থায় ২০ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও শিশু ও কর্মী আটকা পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় জোর তৎপরতা চালানো হচ্ছে। উদ্ধারকর্মীরা দ্রুত গতিতে ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন।



