সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বুধবার জারি করা এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মকর্তাদের অবশ্যই বিশেষ অনুমতি নিতে হবে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরে সম্ভাব্য হামলা এবং ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করতে বলা হয়েছে, কারণ যেকোনো সময় আকাশসীমা বন্ধ হওয়া কিংবা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
এর পাশাপাশি, ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটার এলাকার ভেতরে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জিজান, আসির, নাজরান, কাতিফ, ইয়ানবু এবং তায়েফের মতো নির্দিষ্ট কিছু অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রেও তাদের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।



