কুমিল্লার সীমান্তে মাদক অভিযানে গিয়ে বিএসএফের হাতে দুই পুলিশ

, বাংলাদেশ

কুমিল্লার সীমান্তে মাদক অভিযানে গিয়ে বিএসএফের হাতে দুই পুলিশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে পুলিশের দুই সদস্য আটকের ঘটনা ঘটেছে। ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও অন্যজন কনস্টেবল।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশাযোগে টহলে ছিল। ওই এলাকায় মাদক কারবারিকে দেখে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধরার জন্য ধাওয়া করেন। এসময় ওই মাদক কারবারি দৌড়ে পালানোর সময় সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের কবলে পড়েন। এরপর ওই কনস্টেবলকে উদ্ধার করতে গেলে টহল দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটকে ফেলে স্থানীয়রা। পরবর্তীতে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা ওই দুই পুলিশ সদস্যকে তাদের হেফাজতে নিয়ে যায়। পরে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক কারবারিকে ধাওয়ার এক পর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন ওসি ফারুক হোসেন।