খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার কচুছড়িমুখ পাড়া এলাকায় এই অভিযান চালায় পানছড়ি ব্যাটালিয়নের একটি দল।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে টহল দলটি সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত সড়কে নামতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দলটি পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী ঘন জঙ্গলে আশ্রয় নেয়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে এই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।



