ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: মামলা ও গ্রেপ্তার ১

, বাংলাদেশ

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: মামলা ও গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। পাশাপাশি রিসোর্টের মালিক তানভীর আহমদসহ মোট চারজনকে নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে বাকি দুই আসামির নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না।

এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মৃতদেহগুলো বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। এজন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে কক্সবাজারেই এই ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করবে।