নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকায় অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান স্টোর’-এ এই হামলার ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানের ভেতর ঢুকে মিজানুর রহমান মিজান (৩২) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ জানান, মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে পরিচিত। ঘটনার সময় তিনি নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন উপস্থিত ছিল বলে জানা গেছে। সন্ত্রাসীদের গুলিতে মিজানের বুকের বাম পাশে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানিয়েছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুরো ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



