কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে এক শিশুসহ নিহত ১৭

, বিশ্ব

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে এক শিশুসহ নিহত ১৭

ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির কারণে পদদলিত হয়ে এক শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপের বের হওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত আরও অন্তত ৩৫ জনকে চিকিৎসার জন্য এমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দর্শনার্থীদের অতিরিক্ত চাপের মুখে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মণ্ডপটির প্রবেশ ও বের হওয়ার পথ অত্যন্ত সরু ছিল এবং ওই এলাকায় পর্যাপ্ত আলোর অভাব ছিল। ঘটনার ভয়াবহতায় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এছাড়া রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন।