দেশের ফ্রিল্যান্সার, রিমোট কর্মী এবং অফশোর ব্যবসায়ীদের অর্জিত বিদেশি অর্থ দ্রুত ও বৈধ পথে দেশে আনার লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি এবং ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড একটি নতুন সেবার সূচনা করেছে। বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে ফ্যাসেটের এটিই প্রথম আনুষ্ঠানিক অংশীদারত্ব। প্রতিষ্ঠান দুটির দাবি অনুযায়ী, বাংলাদেশে এ ধরনের সমন্বিত ডিজিটাল সেবা উদ্যোগ এটিই প্রথম।
গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই অংশীদারত্বের চুক্তি সই হয়। চুক্তির শর্তানুসারে, ফ্যাসেট ব্যবহারকারী গ্রাহকেরা এখন সরাসরি এনআরবি ব্যাংকের মাধ্যমে তাদের বিদেশি আয় গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার কার্যকর হবে। এর মাধ্যমে বাংলাদেশে এই প্রথম ফ্যাসেট গ্রাহকেরা একটি স্থানীয় ব্যাংকের মাধ্যম ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এই লেনদেন ব্যবস্থাটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হওয়ায় প্রতিটি আয়ের বিপরীতে ব্যাংকের কাছে যাচাইকৃত রেকর্ড সংরক্ষিত থাকবে। পাশাপাশি, রেমিট্যান্সের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকেরা সরকারি নগদ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন। এছাড়া রপ্তানি আয়ের নথিপত্র তৈরির প্রক্রিয়াও অনেক সহজ হবে। অনুমোদনপ্রাপ্ত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নীতিমালা মেনে এই রেমিট্যান্স বিতরণ করবে। গ্রাহকের কেওয়াইসি (KYC) যাচাই ও মানি লন্ডারিং প্রতিরোধ (AML) সংক্রান্ত প্রাথমিক দায়িত্ব ফ্যাসেট পালন করবে। পরবর্তী পর্যায়ে, টাকা জমার আগে প্রাপকের তথ্য যাচাই ও স্থানীয় পর্যায়ে এএমএল স্ক্রিনিংয়ের দায়িত্ব এনআরবি ব্যাংক সম্পন্ন করবে, যা লেনদেনকে অধিকতর নিরাপদ ও স্বচ্ছ করবে।
চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহকসেবাকে আরও সহজতর করার ক্ষেত্রে এই অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রবাসীরা এখন তাদের কষ্টার্জিত অর্থ আরও দ্রুত ও নিরাপদে দেশে পাঠাতে সক্ষম হবেন।
ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল জানান, এনআরবি ব্যাংকের সঙ্গে এই যাত্রায় তারা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হবে। তার ভাষ্যমতে, তারা একটি প্রযুক্তিভিত্তিক ও ঝামেলামুক্ত আন্তর্জাতিক লেনদেন ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছেন, আর এই চুক্তি তাদের সেই লক্ষ্য পূরণে সহায়তা করবে। এছাড়া ডিজিটাল মাধ্যমে আর্থিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবেই এনআরবি ব্যাংক প্রযুক্তিভিত্তিক সেবায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবাকে আরও দক্ষ ও সহজ করার লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠানটিতে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাদাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস এবং গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন।



