নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়। ময়মনসিংহ এসআরবি-১৪র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে দুর্গাপুর থানায় হস্তান্তর করে। বুধবার এসআরবি-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে আদালত তাকে ৫দিনের রিমান্ড আদেশ দেন।
এর আগে, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে দুর্বৃত্তরা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে এর আগে ১৭ অক্টোবর সাজিবুল ইসলাম অপূর্ব নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাকে পরে আদালত পাঁচদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।



