ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বর্তমানে পাপোশ শিল্পের এক সফল উদ্যোক্তা। ২০১৯ সালে চাকরির অনিশ্চয়তার পথ ছেড়ে নিজের উদ্যোগে ছোট পরিসরে পাপোশ তৈরির কাজ শুরু করেছিলেন তিনি। শুরুর দিকে বিভিন্ন প্রতিকূলতা এবং করোনাকালীন ব্যবসায়িক মন্দা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি টিকে ছিলেন। পরবর্তীতে পল্লি কর্মসংস্থান ও ইএসডিও-র প্রশিক্ষণের পাশাপাশি তিন লাখ টাকা ঋণ সহায়তা নিয়ে নতুন উদ্যমে কারখানাটি পুনর্গঠন করেন। জানা গেছে, চাকরির সন্ধানে না ছুটে নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৯ সালে ছোট্ট পরিসরে পাপোশ তৈরি করা শুরু করেন ঠাকুরগাঁওয়ের হুমায়ুন কবির। শুধু তাই নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন দুই শতাধিক নারীর। চেষ্টার মাধ্যমে উদ্যোক্তা হওয়া যায়, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়াও করোনার সময় ব্যবসাটিও প্রায় থমকে গিয়েছিল, তখনো তিনি স্বপ্ন দেখা থামাননি।
ইএসডিও-র রেইজ প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তাবরেদী রায় জানান, ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়ে হুমায়ুন কবিরের কারখানা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই জীবিকা নিশ্চিত করা। বর্তমানে তার এই কারখানায় ৪৮ জন নারী নিয়মিত এবং ১৫০ জন নারী খণ্ডকালীন ভিত্তিতে কাজ করছেন। সেনুয়া নদীর তীরঘেঁষে গড়ে ওঠা এই কারখানায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেলাই মেশিনের শব্দে কর্মব্যস্ত সময় পার করেন স্থানীয় নারীরা।
কারখানায় কর্মরত নারী ফাতেমা বেগম ও শাম্মী আক্তার জানান, আগে ঘরে অলস সময় পার করলেও এখন তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। পাপোশের সেলাই থেকে শুরু করে ফিনিশিংয়ের কাজ করে তারা প্রতি মাসে ১৫ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত আয় করছেন, যা তাদের সংসারে বড় ভূমিকা রাখছে। শিক্ষার্থী নুরবানও পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে নিজের খরচ চালাচ্ছেন। মাসে আমরা প্রায় ১৫-১৬ হাজার টাকা উপার্জন করি।
উদ্যোক্তা হুমায়ুন কবিরের সাফল্য নিয়ে হস্তশিল্প ও কারুপণ্য সংস্থার পরিচালক চন্দনা ঘোষ বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে যেকোনো শিল্পকর্ম মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। বিসিক শিল্পনগরীর কর্মকর্তা হাফিজুর রহমান মনে করেন, সঠিক প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা এবং আধুনিক বিপণন ব্যবস্থার সাথে ব্যক্তিগত উদ্যোগ থাকলে যে কেউ হুমায়ুন কবিরের মতো স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। হুমায়ুন কবির এখন স্থানীয় বেকার নারী-পুরুষের জন্য অনুপ্রেরণার একটি বড় উদাহরণ।



