ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিকশা চক্রের কবলে নারী যাত্রীরা

, বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি অটোরিকশা চক্রের কবলে নারী যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অটোরিকশা ও মিশুক চালকের ছদ্মবেশে সক্রিয় এক ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে নারী যাত্রীদের টার্গেট করে প্রতিনিয়ত এসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা রাতের পাশাপাশি দিনের আলোতেও অব্যাহত রয়েছে। মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে এই পরিস্থিতিতে গভীর আতঙ্ক বিরাজ করছে। দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বেড়েছে মহাসড়কে চলাচলকারী নারী যাত্রী ও জনসাধারণের মাঝে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা সামনে এসেছে। গত ১৮ অক্টোবর দুপুরে চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. জিনিয়া জামান ট্রেনিং সেন্টার থেকে মিশুকযোগে হাড়িসর্দার এলাকায় রোগী দেখতে যাচ্ছিলেন। পথে অফবিট হোটেলের সামনে পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা থেকে ছিনতাইকারীরা তার হাত থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। অন্তঃসত্ত্বা ওই চিকিৎসক এই ঘটনায় পড়ে গিয়ে আহত হন। এর আগে গত ৭ সেপ্টেম্বর বিকেলে হাছিনা বেগম নামের আরেক নারী ছিনতাইয়ের শিকার হন। তাকে যাত্রীবেশে থাকা অটোরিকশা আরোহীরা কৌশলে অজ্ঞান করে ফালগুনকরা দিঘী ও মাজারের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে মোবাইল, নগদ টাকা ও কানের দুল ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি পরে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, স্বল্প দূরত্বে যাতায়াতের মাধ্যম হিসেবে সিএনজি অটোরিকশা ও মিশুক ব্যবহারকারীরাই বেশি বিপদে পড়ছেন। যাত্রী সেজে চালকের সাথে অনেক সময় সহযোগী ছিনতাইকারীরাও অবস্থান করে। নির্জন এলাকায় পৌঁছলে চালক ও তার সহযোগীরা মিলে যাত্রীদের সর্বস্ব লুট করে নিচ্ছে।

এ বিষয়ে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা ও টহল টিমকে আরও শক্তিশালী করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন জানান, সিএনজি অটোরিকশায় যাত্রী বেশে থাকা ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রায়ই কিছু অটোরিকশায় আগে থেকেই লোক বসে থাকে এবং পরে যাত্রী তুলে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এমন অবৈধ অটোরিকশা ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার বলেন, ‘মহাসড়কে আমাদের টহল জোরদার করা হয়েছে, হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।