মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মবের বা বিশৃঙ্খলার মুখে পড়তে হবে না। তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি হবেন। এ সময় উপদেষ্টা বলেন, তিনি নিজে থেকে দেশে এলে সরকার তা স্বাগত জানাবে, কারণ তাকে আর ধরে-বেঁধে আনতে হবে না। তিনি বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি।
শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে উপদেষ্টা আরও বলেন, তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, তাই দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাহেদ উর রহমান উল্লেখ করেন, অতীতে ন্যায়বিচার না পেলেও শেখ হাসিনার ক্ষেত্রে বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে। তিনি কোনো বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না বরং আইনি পথেই তার বিচার হবে। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।



