২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে চারটি কলেজ এবং একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। জেলা শিক্ষা অফিসের প্রকাশিত সংশোধিত ফলাফলের তালিকা থেকে এ ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।
শতভাগ ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলার খলিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, পূর্বধলার এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ। জানা গেছে, অকৃতকার্য হওয়া এই চারটি কলেজই নন-এমপিওভুক্ত।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১৩ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৫ হাজার ৮৭৩ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৮ জন। জেলায় গড় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন। উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খালিয়াজুরীতে পাসের হার সর্বোচ্চ ৪৮ দশমিক ৮৯ শতাংশ, এরপর কেন্দুয়ায় ৪৯ দশমিক ৪৬ শতাংশ এবং নেত্রকোনা সদরে ৫১ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে বারহাট্টা উপজেলায় পাসের হার সবচেয়ে কম, মাত্র ৩০ দশমিক ২০ শতাংশ।
সামগ্রিক ফলাফলে জেলায় উত্তীর্ণদের তুলনায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। বিশেষ করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মুনমুন জাহান লিজা জানিয়েছেন, শতভাগ অকৃতকার্য এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



