বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। সোমবার বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি জানিয়েছে, একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা করা হয়েছে এবং অ্যাকাউন্টটির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে বিভিন্ন ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সন্দেহজনক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রলোভন, বেটিং ওয়েবসাইটের লিংক এবং ফিশিং লিংক যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে বোর্ড সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লিংকে প্রবেশ, তা খোলা কিংবা কোনো কার্যক্রমে অংশ না নিতে। ভুয়া লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।



