যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলমের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন স্কট কলম। প্রতিবেদন লেখা পর্যন্ত কলম পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৮৫৭ ভোট, আর হাইড-স্মিথ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৭৯২ ভোট। এই লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস পেয়েছেন প্রায় ২০ হাজার ভোট।
রাজ্যের প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে, কিন্তু দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান এতই সামান্য যে এখনই কাউকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যটির ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি তাদের অনানুষ্ঠানিক ফলাফল জমা দিয়েছে। আইন অনুযায়ী, নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে তাদের চূড়ান্ত ফল তার দপ্তরে পাঠাতে হবে।
ওয়াটসন আরও জানান, এখনো প্রায় ৩ হাজার ৬০০টি অনুপস্থিত বা এবসেন্ট ব্যালট গ্রহণ করা বাকি রয়েছে। এ ছাড়া হলফনামার মাধ্যমে দেওয়া কতগুলো ভোট যাচাই ও গণনার অপেক্ষায় রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।



