নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্য দিবালোকে এক বিরিয়ানি দোকানের ম্যানেজারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন এ হুমকি দেন। তিনি অত্যন্ত উত্তেজিত ও আক্রমণাত্মক ভাষায় ম্যানেজার খোকনকে বলেন, আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন। জনসমাগমপূর্ণ বাজারের মধ্যে এই ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এইচ এম হোসেনকে প্রকাশ্যে এমন মন্তব্য করতে দেখা যায়।
দোকান কর্মচারীদের ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত হয় এক নারীকে কেন্দ্র করে। তিনি দোকানের ক্যাশে টাকা পরিশোধ না করেই বিরিয়ানির চার প্যাকেট পার্সেল দাবি করেন। ম্যানেজার খোকন টাকা ছাড়া বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তার তর্ক শুরু হয়। কিছুক্ষণ পর ওই নারী স্থানীয় মৎস্যজীবী দলনেতা এইচ এম হোসেন ও তার সহযোগীদের নিয়ে দোকানের সামনে উপস্থিত হন। সেখানে এসেই হোসেন ম্যানেজারকে লক্ষ্য করে চিৎকার শুরু করেন এবং একপর্যায়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। পরে ঐ মহিলা মৎসজীবী দলনেতা হোসেনসহ অন্যদের নিয়ে আসেন।
সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, প্রকাশ্য বাজারে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পর আইন প্রয়োগকারী সংস্থা কী পদক্ষেপ নেবে। জননিরাপত্তা নিশ্চিতে অভিযুক্ত এইচ এম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার কাছে কোনো অবৈধ অস্ত্র রয়েছে কি না, তা খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে এইচ এম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



