মার্কিন নিষেধাজ্ঞায় ইরাকে নামতে পারল না ইরানি ফুটবল দল

, খেলা

মার্কিন নিষেধাজ্ঞায় ইরাকে নামতে পারল না ইরানি ফুটবল দল

আগামী ১৪ নভেম্বর বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল ইরান জাতীয় ফুটবল দলের। কিন্তু যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার কারণে দলটিকে বহনকারী বিমানটি ইরাকের বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। বিমানটি অবতরণ করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে।

ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রয়টার্সকে নিশ্চিত করেছে যে, গত সোমবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মূলত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইরানি দূতাবাস জানিয়েছে, আকাশপথে পৌঁছাতে না পারলেও দলটি সড়কপথে বসরায় পৌঁছে ম্যাচটিতে অংশ নেবে। ইরাকে আয়োজিত এই চারজাতি ফুটবল টুর্নামেন্টে ইরান ও ফিলিস্তিন ছাড়াও স্বাগতিক ইরাক ও লেবানন অংশ নিচ্ছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল যে ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় ইরাক সরকার বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করেছিল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অতীতে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি বিমানকে সেবা প্রদান করবে, সেগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়া বা নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকিতে থাকবে।