জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাক্স রয়েল হোটেলে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে তুরস্কের সক্রিয় সমর্থন অব্যাহত রাখার জোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মঞ্চে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে তুরস্কের অবিচল সংহতি ও সমর্থনের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য স্থানীয় পর্যায়ে নিয়মিত মানবিক সহায়তা প্রদানে তুরস্কের উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তিনি।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার পূর্বের আলোচনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
উভয় নেতার আলোচনার মূল কেন্দ্রে ছিল প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন। বাণিজ্যের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্বের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।
জ্বালানি নিরাপত্তার বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সব বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।



