কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

, বিশ্ব

কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী সামরিক কমান্ড কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সমন্বয়ের ঘাটতি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য মিডেল ইস্ট আই। জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান, এই কেন্দ্রে প্রয়োজনীয় সামরিক বাহিনী মোতায়েন করা হবে, যদিও এর চেয়ে বেশি কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে।

ছয় উপসাগরীয় দেশের জোট জিসিসি ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে সদস্য কোনো দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করার বিধান রয়েছে। তবে বাস্তবে এই জোটের প্রতিরক্ষা প্রতিশ্রুতি ন্যাটোর মতো সুসংহত নয়। অতীতে বিভিন্ন সময় সদস্যরা হামলার শিকার হলেও জোট কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা কিংবা সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় জিসিসি কোনো কার্যকর প্রতিক্রিয়া দেখাতে পারেনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কুয়েতে নতুন এই কেন্দ্র স্থাপনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। ভৌগোলিক অবস্থানের কারণে ইরান ও ইরাকি মিলিশিয়াদের হামলার ঝুঁকিতে থাকা কুয়েতে আগে থেকেই প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা এই অঞ্চলে যেকোনো দেশের তুলনায় বেশি। সেখানে ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো বড় স্থাপনা থাকা সত্ত্বেও ইরান অতীতে সেখানে হামলা চালিয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, মার্কিন বাহিনী যেখানে নিজেদের ঘাঁটি রক্ষা করতে হিমশিম খেয়েছে, সেখানে জিসিসির এই নতুন কমান্ড কেন্দ্র কতটা সুরক্ষিত থাকবে। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। তবে জিসিসির আত্মরক্ষার অঙ্গীকার ন্যাটো জোটের মতো অটুট নয়।

দীর্ঘ অর্ধশতক ধরে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার মূল নিশ্চয়তাদাতা হিসেবে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করলেও বর্তমান পরিস্থিতিতে সেই সম্পর্কে চিড় ধরেছে। সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটনকে ইরানে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করে। এর ফলে ইরান সরাসরি মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে আক্রমণ চালায়। অনেকে মনে করছেন, ভূখণ্ডে মার্কিন উপস্থিতিই উল্টো দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাই বাধ্য হয়েই এখন উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তান, তুরস্ক ও ইসরায়েলের মতো নতুন অংশীদারদের দিকে ঝুঁকছে।