মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী

, বাংলাদেশ

মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক যাত্রী

শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর পেছনে থাকা অন্যান্য যানবাহন একে একে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইক মিলিয়ে মোট ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে শতাধিক যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।