জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর অদূরে ভারতের দিকে ২০০ গজের মধ্যে এক মধ্যবয়সী নারী গত পাঁচ দিন ধরে খোলা মাঠে মানবেতর জীবনযাপন করছেন। তীব্র রোদ আর রাতের নিস্তব্ধতায় খোলা আকাশের নিচেই তাঁর দিন কাটছে। এই নারীকে কোনো দেশই গ্রহণ করতে রাজি না হওয়ায় সৃষ্টি হয়েছে এক মানবিক সংকট।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই নারীকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালায়। তবে জামালপুর ৩৫ বিজিবির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই ওই নারী সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেন। আজ শনিবার বেলা আড়াইটা পর্যন্ত তাঁকে একই স্থানে অবস্থান করতে দেখা গেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় তিনি কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওই নারী দিন কাটাচ্ছেন। মাথার ওপর কোনো ছাদ নেই, ফলে রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তিনি। গ্রামবাসীরা মানবিক বিবেচনায় বিস্কুট, পানি ও শুকনো খাবার দিয়ে সহায়তা করছেন। তিনি বলেন, বেঁচে থাকার ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই নারীকে উদ্ধারে একটি দ্রুত মানবিক সমাধান প্রয়োজন।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখায় খড় বিছিয়ে একটি কম্বলে বসে আছেন ওই নারী। পাশে পড়ে থাকা পানির বোতল ও বিস্কুটের প্যাকেট ছাড়া তাঁর কোনো আশ্রয় নেই। তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত ও আতঙ্কগ্রস্ত মনে হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা মো. আল আমিন বলেন, নারীর অসংলগ্ন কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি ভারসাম্যহীন। তিনি কোথা থেকে এসেছেন বা তাঁর পরিচয় কী, তা কারও জানা নেই। বিজিবি ও বিএসএফ কেউই দায় নিতে রাজি না হওয়ায় এলাকার মানুষ বিষয়টি নিয়ে উদ্বেগ ও অস্বস্তিতে রয়েছেন।
এই বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিএসএফ ওই নারীকে পুশ ইন করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তাঁরা বিষয়টি অস্বীকার করছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের দাবি, এই নারী ভারতের নন। বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কড়া নজরদারি অব্যাহত রেখেছে।



