সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

, খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

ফুটবল রেফারিংয়ে নির্ভুলতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি এবার যুক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলেও। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো এই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের এই প্রযুক্তিগত সহায়তায় অংশীদার হিসেবে কাজ করছে আসিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ)। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে স্পেনভিত্তিক ফিফা স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। এবারের টুর্নামেন্টে রিমোট ভিএআর পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মাঠের রেফারিকে আইএফএবি নির্ধারিত নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।

প্রযুক্তির এই সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) স্থাপন করা হয়েছে। কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় সরাসরি উপস্থিত থেকে কারিগরি ও প্রস্তুতির কাজ পরিচালনা করছেন। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানান, থাইল্যান্ড থেকে প্রযুক্তি পরিচালনার ক্ষেত্রে দূরত্বের কারণে ইন্টারনেট সংযোগ নিয়ে জটিলতার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে যথাযথ সতর্কতা নেওয়া হয়েছে। অতীতে আসিয়ান কাপে এই পদ্ধতিতে সফল ভিএআর পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, যা সাফের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আঞ্চলিক ফুটবলের মানোন্নয়নে ভিএআর প্রযুক্তিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সাফের সাধারণ সম্পাদক। এই উদ্যোগকে প্রতিযোগিতার পেশাদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আখ্যা দিয়ে তিনি এএফসি ও এএফএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।