দেশি-বিদেশি প্রকাশক, লেখক, গবেষক এবং বইপ্রেমীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু করেছে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা। বুধবার (১৮ নভেম্বর) কুয়েতের মিশরেফ এলাকার আন্তর্জাতিক ফেয়ারগ্রাউন্ডের ৫, ৬ ও ৭ নম্বর হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ওমর আল-ওমর।
অনুষ্ঠানে কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুর রহমান বিন হামাদ আল-থানি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে কাতারকে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতের সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড. খলিফা আল-ওয়াকায়ানকে এবারের মেলায় ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে ভূষিত করা হয়েছে।
ন্যাশনাল কাউন্সিল ফর কালচার, আর্টস অ্যান্ড লেটার্সের আয়োজনে এবারের বইমেলায় ৩৪টি দেশের ৫৯২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় মোট ২ লাখ ৪৮ হাজারের বেশি শিরোনামের বই প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে ২০২৬ সালে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ২২ হাজারের বেশি। শিশুদের জন্য রাখা হয়েছে ৪২ হাজারের বেশি বই।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী ওমর আল-ওমর বলেন, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা দেশের জ্ঞানচর্চাকে আরও বেগবান করছে। তিনি আরও বলেন, প্রযুক্তির উৎকর্ষের যুগেও বইয়ের গুরুত্ব অপরিসীম। একটি আধুনিক ও আলোকিত সমাজ বিনির্মাণে এবং তরুণ প্রজন্মের চিন্তাশক্তি বিকাশে পাঠাভ্যাসের বিকল্প নেই।
আয়োজকদের প্রত্যাশা, কাতার ও কুয়েতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ও সাংস্কৃতিক সম্পর্কের মেলবন্ধনে এবারের এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর এই মেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং সাহিত্য, সৃজনশীলতা ও সংস্কৃতির এক আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি এবং প্রকাশনা শিল্পের প্রসারে এই মেলা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন বইয়ের সন্ধান, জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী পাঠক ও দর্শনার্থীরা। এর মধ্য দিয়ে কুয়েত ও কাতারের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।



