সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলের সাথে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিদ্যমান সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার বিরোধীদলকে সাথে নিয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।
মীর শাহে আলম আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। এখন বাংলাদেশ আর কারো তাঁবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের স্বার্থে যা যা করা প্রয়োজন, সরকার তা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে এবং লাল সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যা যা করা প্রয়োজন, আমরা করব।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীগুলো বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। পেট্রোল বোমা বা থানা হামলার মাধ্যমে তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বিশেষ করে শহীদ আবু সাঈদের মতো আত্মত্যাগী শহীদের আত্মাকে বিসর্জন দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি দাবি করেন।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম-হত্যা বা গুলির মাধ্যমে কোনো কিছু নির্মূল করার নীতিতে বিশ্বাস করে না সরকার। বরং সব বিষয় অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবিলা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।



