সৌদি আরবের রাজধানী রিয়াদের পিআইএফ (পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড) টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কার্যালয় এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার ফলে টাওয়ার এবং এর আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করা হয়। এদিকে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সাথে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবেলা করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং একটি লঞ্চপ্যাডও গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সকালে ইয়েমেনের রাজধানী সানায় হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, এদিন বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও অফিস ভবন লক্ষ্য করে হুতিরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর আগে ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবন এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। এছাড়া অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। বর্তমানে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুতিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
চলমান সংঘাতের কারণে ইয়েমেনের মানবিক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে শুরু হওয়া এই সহিংসতায় ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।



