জার্মানির রাজধানী বার্লিনে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। দেশটির ফেডারেল চ্যান্সেলারিতে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শান্তি ও বিরোধ নিষ্পত্তির মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।
চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা চুক্তি। পাশাপাশি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’ ও জার্মান ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তা খাতে আরেকটি সমঝোতা সম্পন্ন হয়েছে। এছাড়া সামরিক ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে পৃথক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি ও বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা সমঝোতাপত্র বিনিময় হয়েছে। আমিরের এই জার্মানি সফরের মূল লক্ষ্য ছিল কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। এছাড়াও আমিরের সফরসঙ্গী সরকারি উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্য এবং জার্মানির বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



