মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পর বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সকাল থেকেই হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে মহাসড়কে বেরিয়ে আসেন। এক পর্যায়ে তারা মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।
শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গিয়ে পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে অগ্রসর হন এবং সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। পুলিশের উপস্থিতিতে এক পর্যায়ে আন্দোলনরতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টার পর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে।



