সাভারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

, বাংলাদেশ

সাভারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

সাভারের আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে আরও দুটি ইউনিট যোগ দেয়, বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের জোন প্রধান ও উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে, ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এখন পর্যন্ত আগুনের সঠিক সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। অগ্নিনির্বাপণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।