নিখোঁজ কিশোর অপ্রতিমের বিদায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জানাজা সম্পন্ন

, বাংলাদেশ

নিখোঁজ কিশোর অপ্রতিমের বিদায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

জানাজার পূর্বে আবেগজড়িত কণ্ঠে অপ্রতিমের বাবা শাহরিয়ার উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আপনাদের ছেলে আপনাদের ভালোবাসাতেই বড় হয়েছিল। বাবা হিসেবে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। অপ্রতিমের কোনো ভুলত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দেবেন এবং ওর জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। তার খোঁজে দীর্ঘ ২১ ঘণ্টা পরিবারের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়। অকাল এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে।