দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমিরাতের কর্মকর্তাদের বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে সেখানে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিস্ফোরণের দৃশ্য ধারণ করার দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণগুলো ঘটেছে, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
ইরাকের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে, ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার দাবিটি সামনে এসেছে। যদিও আমিরাতের কর্মকর্তারা হামলার কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে মেহের নিউজের বরাতে নাসার থার্মাল ইমেজিং রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, শিল্প এলাকা সংলগ্ন একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আল ফুরজানের স্থানীয় বাসিন্দারা এওএল নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি আরব আমিরাতের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এলাকাটিতে বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশাপাশি একটি মুক্ত বাণিজ্য অঞ্চল এবং পাম জেবেল আলি নামক কৃত্রিম দ্বীপপুঞ্জ রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



