পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

, বাংলাদেশ

পশ্চিমবঙ্গে ১ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী

পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ রাজ্যে ১ লাখ কোটি রুপির বিশাল বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার কলকাতায় শিল্পপতি গৌতম আদানি জানান, পশ্চিমবঙ্গের উন্নতি ছাড়া ভারতের সামগ্রিক বিকাশ সম্ভব নয়। ২০৩৫ সাল নাগাদ এই বিনিয়োগ পরিকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত হবে। এর আওতায় বন্দর, লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বণ্টন, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং হাইপারস্কেল ডেটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও রাজ্য সরকারের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আদানি গোষ্ঠী, যার মাধ্যমে রাইটার্স বিল্ডিংসের সংস্কার এবং আদানি পুজো প্রিভিউয়ের মাধ্যমে কলকাতার দুর্গাপূজায় অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদানি বলেছেন, “আমরা ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি রুপিরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছি। গৌতম আদানি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে তার সম্পর্ক কেবল বিনিয়োগের গন্তব্য হিসেবেই সীমাবদ্ধ নয়। গভীর সমুদ্রবন্দর ও ডেটা সেন্টার থেকে শুরু করে দুর্গাপূজা—পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে এখন আদানি গোষ্ঠীর ছাপ পড়তে চলেছে।

গৌতম আদানি মনে করেন, ভারতের বিশাল শিল্পবলয় ও উত্তর-পূর্বাঞ্চলকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি স্বাভাবিক সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্যপথগুলোর সঙ্গে সংযোগের ক্ষেত্রেও রাজ্যটির অবস্থান অত্যন্ত সুবিধাজনক। গুজরাটের মুন্দ্রার পর পশ্চিমবঙ্গকে নিজের দ্বিতীয় ‘কর্মভূমি’ হিসেবে গড়ে তোলার ইচ্ছার কথা ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার সকালে কালীঘাটে প্রার্থনার উল্লেখ করে আদানি বলেন, তিনি শুধু বিনিয়োগের লক্ষ্যেই নয়, বরং এখানে কিছু গড়ে তুলতে ও সেবা করতে চান। এই বাংলা(পশ্চিমবঙ্গ) থেকে ‘বন্দে মাতরম’ ধ্বনি উঠেছিল। তিনি গুজরাটের মুন্দ্রার সঙ্গে এর তুলনা টানেন, যা বর্তমানে তার গোষ্ঠীর বিশাল সব প্রকল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আদানি আরও বলেছেন, “তিন দশক আগে গুজরাটের মুন্দ্রায় আমাদের বন্দরটি ছিল পশ্চিমে আমাদের প্রথম ‘কর্মভূমি’। আজ (বৃহস্পতিবার) সকালে কালীঘাটে প্রার্থনা করার সময় আমি মায়ের আশীর্বাদ চেয়েছি, যাতে পশ্চিমবঙ্গ আমাদের দ্বিতীয় ‘কর্মভূমি’ হয়ে ওঠে—এবার পূর্বাঞ্চলে।

রাজ্যের স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নিউটাউনে ৪ হাজার কোটি রুপি ব্যয়ে একটি অত্যাধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ‘আদানি আরোগ্য মন্দির’ নামের ৫১ একর জমিজুড়ে বিস্তৃত এই প্রকল্পটিতে ২ হাজার শয্যার ব্যবস্থা থাকবে। ভারতের এইমস হাসপাতালের ধাঁচে নির্মিতব্য এই বিশ্বমানের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং স্কুল ও মেডিক্যাল কলেজসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই হাসপাতালের অর্ধেক শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে এবং কেন্দ্রটি ঘিরে ১০ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানান গৌতম আদানি।

প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শুভ ও ঐতিহাসিক বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি একটি বৃহত্তর যাত্রার সূচনা মাত্র। তার মতে, একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে আরও বড় পরিসরে কাজ করা প্রয়োজন।