ইরানি ফ্লাইটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় চাইছে ইরাক

, বিশ্ব

ইরানি ফ্লাইটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় চাইছে ইরাক

ইরানি ফ্লাইট চলাচলের ওপর মার্কিন অর্থ বিভাগের আরোপ করা সাম্প্রতিক বিধিনিষেধ থেকে ইরাকের বিমানবন্দরগুলোকে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছে বাগদাদ। দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদির কার্যালয় থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকার সুযোগ পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে ইরাক সরকার। মার্কিন ওই নীতিতে সতর্ক করে বলা হয়েছে, যেসব বিমানবন্দর ইরানি ফ্লাইট পরিচালনা করবে বা সেগুলোকে সহায়তা দেবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

শনিবার এক সরকারি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। এতে বলা হয়েছে, ইরাক সরকার এমন একটি অব্যাহতি বা বিশেষ ছাড় পাওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে চিকিৎসা, পড়াশোনা, ধর্মীয় ভ্রমণ এবং সাধারণ নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট মানবিক প্রয়োজনে বিমান চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়। সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইরাকি প্রশাসন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসনে ইরাক সরকার কাজ করে যাচ্ছে। সংকটের ধারাবাহিকতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে মত প্রকাশ করেছে বাগদাদ। এই প্রেক্ষাপটে সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে ইরাক। তাদের মতে, সংঘাতের অবসান ঘটিয়ে আঞ্চলিক দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।