কাতারে একটি নির্মাণ প্রকল্পের চুক্তিভঙ্গ এবং নির্ধারিত কাজ অসম্পূর্ণ রাখার দায়ে একটি কোম্পানি ও দুই ব্যক্তিকে ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের দায়ের করা আপিল আবেদন সরাসরি খারিজ করে দিয়ে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর ফলে ক্ষতিপূরণসহ অর্থ পরিশোধের আইনি বাধ্যবাধকতা তৈরি হলো। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।
আদালতের নথি অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য চুক্তিটি হয়েছিল। ক্ষতিগ্রস্ত কোম্পানিটি চুক্তির সব আর্থিক শর্ত মেনে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও অভিযুক্ত কোম্পানিটি কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। একপর্যায়ে তারা মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেয়, যা সরাসরি চুক্তিভঙ্গের শামিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।
ভুক্তভোগী কোম্পানিটি এরপর ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদনের ভিত্তিতে তারা অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল এবং ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ দাবি করে। পর্যালোচনা শেষে আদালত দেখতে পান, বাদীপক্ষ সব শর্ত পূরণ করলেও অভিযুক্ত পক্ষ নির্ধারিত সময়সীমা ও কাজের মান বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এই রায়ের প্রেক্ষিতে প্রথম ইন্সট্যান্স আদালত ক্ষতিগ্রস্ত কোম্পানিকে অগ্রিম পরিশোধিত ১১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল ফেরত দেওয়ার রায় দিয়েছিলেন। পরবর্তীতে আপিল আদালতে ওই রায় বহাল রাখা হয় এবং সর্বশেষ ক্যাসেশন কোর্টের এই চূড়ান্ত রায়ের মাধ্যমে পুরো বিষয়টি নিস্পত্তি করা হলো।



