পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে দলটির সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, একটি মাইক্রোবাসে করে এসে তারা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন।
আটককৃতদের পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে আব্দুল ওহাব ছাড়া অন্য নেতাকর্মীদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশের হাতে আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তী ৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।



