দখল ও ভাঙচুরের অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী

, বাংলাদেশ

দখল ও ভাঙচুরের অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী

দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এই কঠোর বার্তার অংশ হিসেবে মিরপুরের স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করায় তার সংরক্ষিত নারী আসনটি এখন শূন্য ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় পরা প্রায় ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। এই ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় সন্ত্রাসীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার মুখে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই তিন সংগঠনের মোট ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩ জন, উত্তর যুবদলের ৩ জন ও পশ্চিম ছাত্রদলের ৫ জন রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, যারা দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাড্ডায় দখলচেষ্টা, ইসিবি এলাকায় আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সমালোচনার মধ্যেই বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্যদিকে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত ও নেতাদের বহিষ্কারের ঘটনা ঘিরে নানা আলোচনা চলছে সংগঠনগুলোর ভেতরে। এই কমিটির ভেঙে দেয়ার ফলে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাসের প্রশ্ন উঠেছে। নতুন কমিটিতে কারা আসছেন এবং তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে— এসব প্রশ্ন দেখা দিয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ ও কমিটি বিলুপ্তির বিষয়টি সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্বের জবাবদিহি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার সঙ্গে মিষ্টির সম্পৃক্ততা নিয়ে তদন্ত হয়েছিল এবং সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ার পরই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ কার্যকরভাবে বাতিল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মিললে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযোগপত্র দাখিল করা হবে। তবে তিনি বলেন, তদন্তাধীন বিষয়ে এখনই সংসদ সদস্য হিসেবে কোনো মন্তব্য করা সমীচীন নয়। এর মধ্যে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন জানান, সরকার যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক ছাড় পাওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের কঠোর হাতে দমনের বিষয়টি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের মূল অগ্রাধিকার। যদি কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে।

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনীত ৩৬ জন সংসদ সদস্যের মধ্যে মিষ্টি অন্যতম ছিলেন। গত ৩০শে এপ্রিল সংরক্ষিত আসনের গেজেট প্রকাশিত হওয়ার পর ৩রা মে তারা শপথ গ্রহণ করেন। উল্লেখ্য যে, ফেরদৌসী আহমেদ মিষ্টি মিরপুরের সাবেক কাউন্সিলর ছিলেন এবং তার স্বামী সাইদুর রহমান নিউটনও ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, যিনি মিরপুরেই গুলিতে নিহত হন। এছাড়া সাবেক ছাত্রদল সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু তার বড় ভাই। স্বাস্থ্যকেন্দ্র দখল ও ভাঙচুরের নেপথ্যে মিষ্টির ঘনিষ্ঠদের নাম আসায় তার রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো যে, দলীয় পরিচয় অপরাধ আড়ালের ঢাল হিসেবে ব্যবহৃত হবে না।