জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসা ইরানের প্রতিনিধি দলের দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কঠোর নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘে ইরানের মিশনকে নির্দেশ দিয়েছিল যেন পুরো প্রতিনিধি দল অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করে। এরপর শুক্রবারও ওয়াশিংটন পুনরায় সতর্কবার্তা দেয় যে, ওই দুই কূটনীতিক নিউইয়র্কেই অবস্থান করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কড়া নির্দেশ সত্ত্বেও তারা দেশ না ছাড়ায় শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন এক মার্কিন কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্যমতে, মার্কিন প্রশাসনের চাপের মুখে একজন কূটনীতিক শুক্রবার রাতে এবং অপরজন শনিবার সকালে দেশটি ত্যাগ করেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষ হওয়ার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও ইরানি প্রতিনিধি দলের ওই দুই সদস্য নিউইয়র্কে অবস্থান করছিলেন, যা শেষ পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্তে গড়ায়।



