রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, হামলায় আহত হয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকাবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকরা হামলার শিকার হওয়া খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুবায়ের আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের শনাক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা না নেওয়া এবং গ্রেফতার না করা অত্যন্ত উদ্বেগের বিষয়। মুক্ত সাংবাদিকতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী যেই হোক, তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, শিক্ষা কার্যক্রমে স্থবিরতা এবং অস্থিতিশীল পরিস্থিতির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান জামায়াতের এই নেতা।



