পটুয়াখালীতে সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী পটুয়াখালী সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তাকে শহরের বসাক বাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্রদল নেতা সাকিব এবং সিয়াম নামে এক কর্মীর বিরুদ্ধে তাকে রাতভর নির্যাতন করার অভিযোগ রয়েছে। পরিবার দাবি করেছে, নির্যাতনের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং টাকা পাওয়ার পর শিক্ষার্থীর মোবাইল ফোন রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।



