ভারতীয় নারী ক্রিকেটাঙ্গনে হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানার মধ্যকার শীতল সম্পর্ক এখন বড় আলোচনার বিষয়। সব ধরনের ফরম্যাটের নেতৃত্ব থেকে ৩৭ বছর বয়সী হারমানপ্রীতের সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতি মান্ধানাকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়। এই পরিবর্তনের পরপরই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, দুই তারকার মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্যের কারণে এখন তাদের মুখ দেখাদেখি বন্ধ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই অধিনায়কত্ব চাইছিলেন স্মৃতি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, দীর্ঘদিন ধরেই অধিনায়ক হওয়ার আকাঙ্ক্ষা ছিল স্মৃতির। কিন্তু নির্বাচকরা বরাবরই হারমানপ্রীতের ওপর আস্থা রাখায় তিনি ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট থেকে ভারতের বিদায়ে দলের অভ্যন্তরীণ বিভেদ আরও স্পষ্ট হয়ে ওঠে। বোর্ড কর্তৃপক্ষ হারমানপ্রীতকে শুধুমাত্র টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিলেও, অভিমান থেকে তিনি সব ফরম্যাটের দায়িত্ব থেকেই অব্যাহতি নেন। এরপরই নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা স্মৃতিকে বেছে নেয় বিসিসিআই।
অতীতে মিতালি রাজের সঙ্গে হারমানপ্রীতের সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস থাকলেও, নতুন পরিস্থিতিতে স্মৃতির নেতৃত্বাধীন দলে হারমানপ্রীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ক্রিকেট সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, এই পরিস্থিতির জেরে হারমানপ্রীত খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে পারেন।



