গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মুখে দাঁড়িয়ে থাকা ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। গত সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ তাদের ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এমন উদ্বেগের কথা জানিয়েছে।
সিআইএ-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন সাধারণ নির্বাচনের প্রাক্কালে ইসরাইলে নানাবিধ জটিল সংকট পুঞ্জীভূত হয়েছে। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান সামরিক ব্যয়, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতির বিষয়টি জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলগত রাজনৈতিক লড়াই এই সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে।
টানা যুদ্ধ পরিস্থিতি ইসরাইলি সমাজের পুরোনো বিভাজনগুলোকে আরও উসকে দিয়েছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট মানসিক ট্রমা বা ট্রমাটিক স্ট্রেস নিয়ে দেশে ফিরছেন। এর মধ্যে অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনী থেকে ছাড় দেওয়ার ঘটনা সাধারণ নাগরিকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্দ্ধমান একাকীত্ব এবং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রতি জনসমর্থন কমে যাওয়া পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। বাইরের এসব চাপ এবং দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সম্মিলিতভাবে ইসরাইলের রাষ্ট্রীয় অস্তিত্বকেই এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিচ্ছে বলে মূল্যায়ন করেছেন মার্কিন গোয়েন্দারা।



