ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

, বাংলাদেশ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি, সেসব জায়গায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

হাসান শিপলু জানান, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধে সফলতা আসবে বলে প্রধানমন্ত্রী মনে করেন। এর অংশ হিসেবে পাড়া-মহল্লায় নিয়মিত প্রচারণার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক আলোচনার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সভায় সরকারি আবাসিক কোয়ার্টার এবং হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কাজের সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।