চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে পুলিশ ও জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। এরপর সন্ধ্যা ৬টার দিকে ভিসিকে প্রশাসনিক ভবন থেকে বের করে পুলিশি নিরাপত্তায় একটি অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। তার ক্যাম্পাসে প্রবেশের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উদ্ধার অভিযানের সময় জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের জানান, এক সম্মানিত শিক্ষক নিরাপত্তা ও চিকিৎসার জন্য তাদের সাহায্য চান। তাকে হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে তারা উদ্ধার করতে এসেছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ভিসিকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা জানানো হয়নি। প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে অ্যাম্বুলেন্সে তোলার সময়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরবর্তীতে এক শিক্ষার্থী মাইকে জানান, চুয়েট ক্যাম্পাসে আর না ফেরার শর্তে তাকে বাইরে যেতে দেওয়া হয়েছে।
এর আগে সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে চুয়েটে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এই পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। আন্দোলনকারীদের অভিযোগ, ভিসি বহিরাগত ব্যক্তিদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢোকেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা ভিসির পদত্যাগের দাবি তোলেন এবং নির্দিষ্ট সময়ে পদত্যাগ না করায় তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েট জুড়ে অস্থিরতা চলছে। সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। এ সময় তারা মুখোশ মিছিল, চোখ বেঁধে প্রতিবাদ এবং পরবর্তীতে ক্লাস-পরীক্ষা বর্জন ও সর্বাত্মক বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধের মতো কর্মসূচি পালন করেন।



