সৌদি আরবের নিরাপত্তা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ নিরাপত্তার অংশ বলে পুনর্ব্যক্ত করেছে কাতারের মন্ত্রিসভা। বুধবার দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে আয়োজিত নিয়মিত বৈঠকে সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর ঘনঘন হামলার তীব্র নিন্দা জানানো হয়। কাতার এই আক্রমণকে সৌদির সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন এবং বেসামরিক বিমান চলাচল ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে নিজেদের অখণ্ডতা ও সুরক্ষা রক্ষায় সৌদি আরবের সব পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে দোহা।
বৈঠকে কাতার সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের সামাজিক কৌশল (২০২৫-২০৩০)-এর অংশ হিসেবে প্রস্তুত করা শিশুদের অধিকার এবং তাদের ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত দুটি পৃথক খসড়া আইন অনুমোদন করে। শিশুদের নিরাপদ বিকাশ নিশ্চিতের লক্ষ্যে এই খসড়া প্রস্তাবটি সাধারণ মানুষের মতামতের জন্য কাতারের সরকারি আইনি পোর্টাল ‘আল মিযান’ ও ‘শারিক’ প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। শিশুদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে বড় হয়ে ওঠা নিশ্চিত করার লক্ষ্যে এই খসড়া আইনটি সর্বসাধারণের মতামতের জন্য কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য উন্মুক্ত রাখা হবে।
একই সভায় সম্প্রতি শূরা কাউন্সিলে মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া ভাষণকে সরকারের সব মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজের প্রধান দিকনির্দেশনা হিসেবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, পরিবহন ও সংরক্ষণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড বজায় রাখতে কাতারএনার্জি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা নির্দেশিকার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠকের শেষ অংশে আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি অনুমোদিত হয়। এর মধ্যে রয়েছে কাতার-আর্মেনিয়া বিচারিক সহযোগিতা এবং কাতার-বাহরাইন পরিবহন ও লজিস্টিকস সেবাসংক্রান্ত সমঝোতা স্মারক।



